জীর্ণ ঝরাপাতার মতো ঝরে যাবে বিদায়ী বছরের ক্যালেন্ডারও। হারিয়ে যাবে ঘটনাবহুল বছরটি। হারিয়ে যাবে না গত বছর আলোড়ন সৃষ্টিকারী আশা-নিরাশার ঢেউ জাগানো অনেক ঘটনা। নতুন বছরকে নিয়ে রয়েছে নানা শঙ্কার কথা। ষাটের দশক থেকে ভবিষ্যদ্বাণী শোনা যাচ্ছে, ২০১২ খ্রিস্টাব্দের ডিসেম্বরে ধ্বংস হয়ে যাবে পৃথিবী। এ নিয়ে প্রাচ্য-পাশ্চাত্যের পত্রপত্রিকায় কত লেখালেখি। ক'দিন আগে দি ইকোনমিস্টও একটি সংখ্যা প্রকাশ করেছে 'দ্য ওয়ার্ল্ড ইজ ২০১২' প্রচ্ছদ করে। ওই সংখ্যার সম্পাদকীয়তে অবশ্য পৃথিবী যে ২০১২ খ্রিস্টাব্দে ধ্বংস হচ্ছে না, তা বলা হয়েছে। ধ্বংস না হলেও অনেক কিছুই যে ঘটবে, সে ব্যাপারে ভবিষ্যদ্বাণী রয়েছে ইকোনমিস্টের। বাংলাদেশের গণমাধ্যমেও চুলচেরা বিশ্লেষণ চলছে বিদায়ী বছরটি নিয়ে।
প্রাপ্তি-অপ্রাপ্তির নিরিখে পেছনে তাকালে দেখা যাবে প্রাপ্তির উজ্জ্বল কিছু সোনালি শস্য, অন্যদিকে অতৃপ্তির কিছু শীর্ণপাতার মতো রিক্ততারও আর্তি জেগে আছে। তাহলে এক পলক দেখে আসা যাক কী পেয়েছি, কী পাইনি। কী সম্ভাবনা নিয়ে আসছে ২০১২। বছরজুড়ে পুরনো আদলেই ছিল দেশের রাজনীতি।
মুদ্রাস্ফীতি, ব্যাংক থেকে ক্রমাগত সরকারের ঋণ গ্রহণ, ডলারের বিপরীতে টাকার মান পতন, জ্বালানি তেল, গ্যাস ও বিদ্যুতের দফায় দফায় মূল্যবৃদ্ধির ফলে বাজারে বিরূপ প্রভাব ইত্যাদি। বিশেষ করে পরিবহন খাতে অযৌক্তিক হারে ভাড়াবৃদ্ধি সাধারণের জীবনমানে আঘাত হেনেছে। রমজানের আগে চিনির কেজি ৮০ টাকায় উঠে যাওয়াটা ছিল আলোচিত ঘটনা। এ সময়টায় বাজার থেকে উধাও হয় ভোজ্যতেল। বছরজুড়েই বাড়ি ভাড়া বৃদ্ধি ছিল নগরবাসীর জন্য যন্ত্রণার বিষয়।
সংবিধানে সংশোধনী তথা আদালতের রায়ে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল বিল পাস বছরের বড় ঘটনা। এ বছর করা হয় সংবিধানের পঞ্চদশ সংশোধনী। শেয়ারবাজারে যে বছরব্যাপী একের পর এক ধস গেছে, তা মানুষ ভুলবে না। বছরের শেষ প্রান্তে এসে সরকারি চাকরিজীবীদের চাকরির মেয়াদ ২ বছর বাড়িয়ে ৫৯ বছর করাও আলোচিত ঘটনা। সারাদেশে উদযাপিত হয় বিজয়ের ৪০ বছর পূর্তি। ২০১১ সালের সবচেয়ে গৌরবের ঘটনা এটি।
মুক্তিযুদ্ধ চলাকালে যারা মানবতার বিরুদ্ধে জঘন্য অপরাধ করেছে, সেই অভিযুক্তদের বিচারের জন্য গঠিত ট্রাইব্যুনালে বিচার শুরু ২০১১-এর একটি বড় ঘটনা। পিলখানায় সাবেক বিডিআর সদর দফতরে সংঘটিত 'বিদ্রোহ' ও সেনা কর্মকর্তাদের হত্যার অভিযোগে অভিযুক্তদের বিচার শুরু হয়েছে ২০১১ সালেই। চট্টগ্রামের মিরসরাইয়ে ৪৬ ক্ষুদে শিক্ষার্থীর সড়ক দুর্ঘটনায় অকাল মৃত্যুর শোক মুছবে না সময়ের ধুলোয়। মুছে যাবে না বহির্বিশ্বের উত্তাল কিছু ঘটনা। বিশেষ করে লাদেন ও গাদ্দাফির মৃত্যুর রক্তাক্ত ঘটনা। মিসরে বিদ্রোহে হোসনি মোবারকের পতনসহ মধ্যপ্রাচ্যের উত্তাল 'আরব বসন্ত' জের টেনে যাবে আরও বহুদিন। নোবেল বিজয়ী অর্থনীতিবিদ ড. ইউনূসের গ্রামীণ ব্যাংকের এমডি পদ থেকে সরে যাওয়ার ঘটনাটিও আন্তর্জাতিকভাবে আলোচিত হয়েছে। একই সঙ্গে ব্রিটেনের রাজপরিবারের প্রিন্সের বিয়ে ছিল বিশ্বময় আলোচিত।
বিশ্বব্যাংক পদ্মা সেতুর ঋণ স্থগিতের ঘটনাটি বহুল আলোচিত। বছরজুড়েই সড়ক দুর্ঘটনার বিষয়টি ছিল আলোচিত-সমালোচিত। সারাদেশে সড়ক, মহাসড়কের বেহাল দশা ছিল বহুল আলোচিত ঘটনা। প্রথমবারের মতো রেল মন্ত্রণালয় গঠন করেছে সরকার। সরকার রাজধানীর উন্নয়ন সম্প্রসারণের কথা বলে ঢাকা সিটি করপোরেশনকে দুই ভাগ করেছে। বছরের শুরুতেই পৌর নির্বাচন ছিল স্থানীয়ভাবে বহুল আলোচিত।
দেশে প্রথম মহিলা মেয়র শুধু নন, রীতিমতো দেশময় তারকার দ্যুতি ছড়িয়েছেন নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের নির্বাচনে বিজয়ী প্রথম মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভী। দেশময় নারী নির্যাতনের ঘটনা অব্যাহত ছিল ২০১১ সালেও। বছরব্যাপী বাংলাদেশ ও ভারতের যৌথ উদ্যোগে বিশ্বকবি রবীন্দ্রনাথের জন্ম সার্ধশতবর্ষ উদযাপনে মুখর বাংলাদেশ। দীর্ঘকাল পর রাশিয়া-বাংলাদেশ চুক্তি হলো রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে উৎপাদন ও উন্নয়নে। বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভারত সফরের পর ভারতের প্রধানমন্ত্রী ড. মনমোহন সিংয়ের ঢাকা সফর ছিল প্রতিবেশী দুই দেশের সম্পর্ক উন্নয়নে বহুল কাঙ্ক্ষিত। বছরজুড়ে টিপাইমুখে বাঁধ নির্মাণ নিয়ে রাজনৈতিক টানাপড়েন আলোচিত ঘটনা।
২০১১ সালেই বাংলাদেশ মহিলা ক্রিকেট দল আইসিসির ওয়ানডে স্ট্যাটাস পেয়েছে। সাকিব আল হাসান ওয়ানডে ক্রিকেটে আগেই বিশ্বসেরা অলরাউন্ডার, এ বছর টেস্ট ক্রিকেটেও হলেন তিনি বিশ্বসেরা। ক্রীড়াঙ্গনে আরেকটি বড় ঘটনা বিশ্বকাপ ক্রিকেটের জমকালো উদ্বোধন ও বাংলাদেশে একাধিক ভেন্যুতে ম্যাচ অনুষ্ঠানের সাফল্য।
ঝালকাঠির কলেজছাত্র লিমন, ঢাবির ছাত্র কাদের আইন-শৃঙ্খলা বাহিনীর হাতে নির্যাতিত হয়ে পঙ্গু হওয়ার ঘটনা বহুল আলোচিত। বছরব্যাপী রহস্যময় নিখোঁজ আর গুম হওয়ার ঘটনাও আইন-শৃঙ্খলা বাহিনীকে প্রশ্নবিদ্ধ করে।











